পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতের পর তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮০০ জনেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। তোশাখানার উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে তিনি কারাবন্দি রয়েছেন। এছাড়া ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলা, যা আল-কাদির ট্রাস্ট মামলা নামেও পরিচিত, সেই মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
কারাবন্দি অবস্থায় ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার এই শারীরিক পরিস্থিতি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

