খুলনা মহানগরীতে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই এলাকায় গুলিতে দুই যুবকের নিহতের ঘটনায় নগরবাসী ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর লবণচরা থানা এলাকার হরিণটানা ৮০ বিঘা কালভার্ট এলাকায় প্রথম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ১০-১২ জন দুর্বৃত্ত একটি চায়ের দোকানের সামনে মো. মনজুরুল ইসলাম (২৪) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত সন্ত্রাসী আল-আমিন হাসান সাইফির নেতৃত্বে কালা রায়হান, শামীম ও ফারদিনসহ ৮-১০ জন সন্ত্রাসী এই হামলায় অংশ নেয়। পেশায় দিনমজুর মনজুরুল ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের মাত্র ৩ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় নাজমুল (২৫) নামের আরেক যুবককে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে একটি গলির মধ্যে গিয়ে তার মৃত্যু হয়। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দ মোশারফ হোসেন জানান, নাজমুলকে কেন বা কারা গুলি করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান জানান, সংশ্লিষ্ট থানার ওসি ঘটনাস্থলে রয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে, নিহত দুই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

