জাপান সাগরের দিকে একযোগে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরের অভিমুখে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলবর্তী অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে মারা হয়। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ‘নিউজ ওয়ান’ এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নপথ, পাল্লা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বর্তমানে বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে পিয়ংইয়ং নতুন কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে কি না, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও নিবিড় নজরদারি বজায় রাখা হচ্ছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান নিজেদের মধ্যে এ সংক্রান্ত তথ্য আদান-প্রদান করছে। এর আগে গত ১২ আগস্ট উত্তর কোরিয়া সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’-এর পরিধি ও সময়সীমা হ্রাস করে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। এর ঠিক পরদিনই উত্তর কোরিয়া এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করল। এর আগে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং মন্তব্য করেছিলেন, মার্কিন ও দক্ষিণ কোরীয় যৌথ মহড়ার সময় কিংবা পরিধি কমানোর বিষয়টিকে পিয়ংইয়ং কোনো গুরুত্ব দিচ্ছে না। তিনি আরও বলেন, মহড়ার সময়সূচিতে বদল আনা হলেও এর ‘আগ্রাসী ও উসকানিমূলক’ চরিত্রের কোনো পরিবর্তন ঘটেনি।