ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী, কুড়িগ্রামে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় নিজ জেলা কুড়িগ্রামে আনন্দ-উৎসবের আমেজ দেখা দিয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে এই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা, পথচারী, রিকশাচালক, দিনমজুর এবং শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন নেতা-কর্মীরা। এই আনন্দ আয়োজনে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।

স্থানীয়দের মতে, জাতীয় রাজনীতিতে জেলার এই কৃতি সন্তানের নতুন দায়িত্ব কুড়িগ্রামের মানুষের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করবে। কলেজ মোড় এলাকার ব্যবসায়ী জুয়েল আহমেদ বলেন, কুড়িগ্রামের সন্তান রিজভী ভাইকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি, তার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে।

মিষ্টি বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শুধু কুড়িগ্রামের সন্তান নন, তিনি সারা দেশের মানুষের আস্থাভাজন নেতা। তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সততা ও একনিষ্ঠ আনুগত্যের কথা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তিনি আরও বলেন, রিজভী আহমেদের ত্যাগের মূল্যায়ন করে তারেক রহমানের নেওয়া এই সিদ্ধান্ত গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ।

দলীয় নেতা-কর্মীরা রিজভী আহমেদের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। রাতভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে।