বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে লেনদেন হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার টানা চতুর্থ দিনের মতো ব্রেন্ট ও ডব্লিউটিআই— উভয় ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী ছিল। দিনের লেনদেন শেষে দুই বেঞ্চমার্কের দামই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাজারে বর্তমানে বিনিয়োগকারীদের মূল মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহণ পথ হওয়ায় এই এলাকায় কোনো ধরনের বড় বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও দামের ওপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই বিনিয়োগকারীরা এই সমুদ্রপথের নিরাপত্তার দিকে তীক্ষ্ণ নজর রাখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

