বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই পদে দায়িত্ব পালনকালে রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত এই পদে দায়িত্বরত থাকবেন। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়োগের প্রজ্ঞাপনের অনুলিপি শেয়ার করে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী তাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। রাশেদ খাঁন তার নতুন এই দায়িত্ব পালনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

