পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে আগামী ২৬ আগস্ট দেশজুড়ে নানামুখী সরকারি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৯ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১৩ আগস্ট ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই জাতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল, সেমিনার ও টকশো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতার আয়োজন থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলা চলবে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারের অনুরোধ জানানো হয়েছে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, ওয়াকফ প্রশাসকের কার্যালয় ও হজ অফিসসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য ও মানবাধিকার বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।
দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন এবং প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে। এছাড়া শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।

