স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি। তার মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্ধারিত প্যারোল অনুযায়ী, ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারামুক্ত থাকবেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি ঢাকায় পৌঁছাবেন এবং তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন করবেন।

তানি দীপাবলি নেওয়াজ বুধবার সকাল থেকেই তার মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন দপ্তরে যোগাযোগ শুরু করেন। দুপুর ১২টার দিকে তিনি কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন এবং পরে দুপুর পৌনে ২টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রশাসন ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে।