৪৬ বছরে পদার্পণ: বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভায় এই কর্মসূচিগুলো পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর সকাল ১০টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দেশজুড়ে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।