সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্রটি তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিশেষ করে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে তার অংশগ্রহণ কিংবা দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়া নিয়ে বিভিন্ন জল্পনা রয়েছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি।

