রাজধানীর বংশাল মুকিমবাজারে অবস্থিত একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

