হরমুজ প্রণালিসহ আরব উপসাগর ও ওমান উপসাগরে নিজেদের ‘সার্বভৌম অধিকার’ রয়েছে বলে আবারও জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এসব অধিকারের বিষয়ে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সব বিধান রয়েছে।
বাঘাই বলেন, আঞ্চলিক এসব বিষয়ে ইরানের অধিকারসংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও উল্লেখ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় বিদ্যমান আইন এবং মাঠপর্যায়ের পরিস্থিতির পরিবর্তন—এই দুই বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। সংবিধান অনুযায়ী পার্লামেন্টের অবস্থান স্পষ্ট এবং আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী পার্লামেন্টের সঙ্গে সহযোগিতা করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
ইরানের এই মুখপাত্র জানান, সংশ্লিষ্ট একটি বিল নিয়ে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিশেষজ্ঞ মতামত দিয়েছে। আইনপ্রণেতারা যদি ভবিষ্যতে আবারও মতামত চান, তবে মন্ত্রণালয় তা দিতে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ, যা আরব উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাম্প্রতিক বক্তব্যে ওই অঞ্চলে দেশটির অধিকার নিয়ে তাদের অবস্থান আবারও স্পষ্ট হলো।

