নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই অভিযানের অংশ হিসেবে মোট সাতটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা মেট্রোপলিটন এলাকায় সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটিকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এ সময় তিনটি মামলা দায়ের করা হয়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা ও মানিকগঞ্জে চারটি প্রতিষ্ঠানে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং চারটি মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে উল্লেখিত সময়ে সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাতটি মামলা ও ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গত ১৪ আগস্ট জয়পুরহাটে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধের বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি ভ্যানের কার্যক্রম পরিদর্শন করেন।

জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ টেলিভিশনে ট্রান্সফ্যাটবিষয়ক ১৪ মিনিটের বার্তা এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক তিনটি পৃথক বার্তা মোট ৩৫ মিনিট প্রচার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিরাপদ খাদ্য নিয়ে বিভিন্ন ছবি, রিলস ও ভিডিও প্রচার অব্যাহত রয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, আইন প্রয়োগ, নিয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অংশীজনদের সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক ও কার্যকরভাবে অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।