ব্যর্থতা ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের দুর্ভোগ ও নিজেদের ব্যর্থতাকে ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, হাজার হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে, সরকার চাইলে ইমারজেন্সি খাতের টাকা ব্যবহার করে চলমান সমস্যা সমাধান করতে পারে। সংকট নিরসনে ১০ বছরের অজুহাত না দেখানোর জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, সমস্যা সমাধানের বিষয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই; কেউ ১০ বছরের কথা বলছেন, কেউ দুই বছরের। তাদের আগে নিজেদের মধ্যে সালিশের মাধ্যমে বিষয়টির সুরাহা করা উচিত।

জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, সরকার সিন্ডিকেট করে লুটপাটের মার্কেট তৈরি করে রেখেছে। বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল প্ল্যান্টের ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি। এ ছাড়া বিদ্যুতের অবৈধ লাইন ও ভুতুড়ে বিল বন্ধের আহ্বান জানান তিনি। সরকারের সক্ষমতা থাকলে জামায়াতের পক্ষ থেকে দেওয়া সমন্বিত প্রস্তাবনা বাস্তবায়নের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, সরকার ব্যর্থ হলে শুধু তারা নয়, বরং দেশ ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তিনি উল্লেখ করেন, চুলা জ্বালাতে না পারা মা, কারখানা বন্ধ হয়ে যাওয়া শ্রমিক এবং সময়মতো পণ্য রপ্তানি করতে না পারা উদ্যোক্তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। সরকার জনগণের দুর্ভোগের কথা এড়িয়ে বিরোধীদলের ওপর দোষ চাপাতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।