অন্যের ইচ্ছায় দেশ চলবে না: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মামুন অর রশিদ বলেছেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে এবং অন্য কারও ইচ্ছায় এই দেশ পরিচালিত হবে না। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, জুলাই মাস আমাদের এই শিক্ষাই দেয়। গত ১৭ বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছিল, যার মধ্যে শিক্ষা ও আর্থিক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাকে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এবং জুলাই স্মৃতিফলক ও জুলাই-২৪ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীরের মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

প্রকৌশল শাখার উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, কর্মচারী হাসানুজ্জামান ও ইব্রাহিম সভায় বক্তব্য রাখেন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিভাগের মোশারেফ হোসেন, রসায়ন বিভাগের রাকিব এবং বাংলা বিভাগের মনিরুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, প্রতিবছর ১৮ জুলাই ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। ২০২৪ সালের এই দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্বার আন্দোলন ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছিল।