দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির গাজা উপত্যকার বাসিন্দাদের নিয়ে অত্যন্ত বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেছেন। হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক জিম্মির জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি দাবি করেন যে, গাজার কিছু মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তারা মানুষ হিসেবে গণ্য হওয়ার যোগ্যও নয়।
বেন-গ্যভির প্রকাশ্যে নিজের অবস্থানের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতপার্থক্য রয়েছে। তার মতে, গাজায় প্রতিরাতে ৩০ থেকে ৪০ জনকে টার্গেট করে গুপ্তহত্যা চালানো উচিত। তিনি দাবি করেন, শুধুমাত্র যারা ইসরায়েলের জন্য হুমকি, তাদেরই নয় বরং গাজায় এমন অনেক মানুষ আছে যাদের বেঁচে থাকার যোগ্যতা নেই। তাদের বেঁচে থাকা উচিত নয় এবং তারা এমনকি মানুষও নয় বলে তিনি মন্তব্য করেন।
এ সময় গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে স্থানান্তরিত করার পক্ষেও কথা বলেন তিনি। বেন-গ্যভির বলেন, পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন। তার ভাষ্যমতে, গাজার মানুষকে যতটা সম্ভব স্থানান্তরিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত। একইসঙ্গে যারা সন্ত্রাসী, তাদের কোথাও যেতে না দিয়ে একজন একজন করে হত্যা করার আহ্বান জানান এই মন্ত্রী।

