খুলনার চাঞ্চল্যকর কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৭) হত্যা মামলায় নিজের মেয়েকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার বাবা মো. আলীম হোসেন আকাশ (৪০)। রোববার (১৯ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. আসাদুর জামানের আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি প্রদানের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে র্যাব-৬ স্পেশাল কোম্পানি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ অভিযানে আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যা করা হয়। হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার তিন নম্বর সড়কে ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের এক পর্যায়ে প্রযুক্তিগত তথ্য, আলামত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিহতের বাবার সম্পৃক্ততার প্রমাণ পায়। এর আগে গত ১০ জুলাই নির্জনার মা আরিফা ইয়াসমিন সিমাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তিনিও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। পুলিশ জানায়, মূলত পারিবারিক বিরোধের জের ধরেই নির্জনাকে হত্যা করা হয়েছে।

