২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই মহারণ ঘিরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গাজার অনেক মানুষ মনেপ্রাণে চাইছেন যেন স্পেন শিরোপা জয় করে। ফিলিস্তিনি সমর্থকদের এই ইচ্ছার পেছনে বড় কারণ হলো দেশটির রাজনৈতিক ও মানবিক অবস্থান।
আল জাজিরার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সে সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছিলেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ প্রশস্ত করা, যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
গাজার পঙ্গুদের ফুটবল দল ‘গাজা আল ইরাদা’ বা ‘গাজা ডিটারমিনেশন’-এর প্রধান কোচ হাতেম আল মাগরিবি বলেন, পুরো ফিলিস্তিনি জাতি চায় স্পেন বিশ্বকাপ জিতুক। তিনি আরও জানান, খেলোয়াড়রা তাদের শরীরের বিভিন্ন অঙ্গ হারালেও যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের শক্তি তারা হারাননি। এ সময় তিনি প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোয় মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।
স্পেন জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এবং ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন, যা গাজার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার কারণে গাজায় খেলা উপভোগ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি জানান, জ্বালানি সংকট ও বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানো অসম্ভব হয়ে পড়েছে। এর মূল্য সাধারণ ফিলিস্তিনিদের দিতে হচ্ছে।
এই প্রতিকূল অবস্থার মধ্যেও গাজা সিটির প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করছেন আল-আফিফি। এটি এখন গাজার একমাত্র সচল ফুটবল ক্লাব। ৩৩ বছর বয়সী আহমেদ আল বোজমসহ গাজার অনেক মানুষই তাই সরাসরি স্পেনের পক্ষ নিয়েছেন, কারণ তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে।

