‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই কিয়ারা আডবাণী ও যশের রসায়ন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যের জন্য কিয়ারাকে সমালোচনার মুখে পড়তে হলেও, যশ বরাবরই তার সহ-শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। এবার সিনেমার একাধিক যৌনদৃশ্য নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই দক্ষিণী তারকা।
যশ জানান, ‘টক্সিক’ ছবিতে শুধু কিয়ারার সঙ্গেই নয়, তারা সুতারিয়ার সঙ্গেও তার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। একটি দৃশ্যে অভিনেতাকে নগ্নও দেখা গেছে। তবে যশের দাবি, ছবিতে যৌন দৃশ্য থাকলেও সেখানে কোনো অশালীনতা নেই। তিনি বলেন, অশালীনতাকে কখনোই সমর্থন করা যায় না। তিনি আরও যোগ করেন, আপনারা ভালো করে দেখলে বুঝবেন, আমি তো চুম্বন করিনি। সব কিছুরই একটা সীমা আছে, আমরা সেটা বুঝি।
যৌন দৃশ্যগুলো কীভাবে ক্যামেরাবন্দি করা হবে, সেই বিষয়েও কথা বলেন যশ। তার কথায়, বিষয়গুলো সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে হয়। তিনি বলেন, এই ছবিটি মূলত নতুন প্রজন্মের দর্শকের জন্য তৈরি। দর্শককে উদার মন নিয়ে সিনেমাটি দেখার পরামর্শ দিয়ে তিনি স্পষ্ট করেন যে, প্রেক্ষাগৃহে দেখলেই এর প্রকৃত স্বাদ উপভোগ করা সম্ভব।
‘তবাহী’ গানে যশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, সন্তানের মা হয়ে কীভাবে এমন দৃশ্যে অভিনয় করতে পারলেন! এই বিষয়ে যশ বলেন, ঝলকে দর্শক কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। পুরো সিনেমায় অভিনেত্রীর কাজ আরও অনেক বেশি নজর কাড়বে। কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়, কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাসের ওপর ভিত্তি করে কাজ করে যেতে হবে, কারণ মানুষ শেষ পর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।

