বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই মহারণ মাঠে বসে দেখার জন্য সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম টিকিট সংকট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পুনর্বিক্রির বাজারে একটি টিকিটের দাম উঠেছে প্রায় ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকার সমপরিমাণ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচের কয়েক ঘণ্টা আগেও টিকিটের চাহিদা বিন্দুমাত্র কমেনি। টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্টাবহাব ও টিকিটমাস্টারের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মগুলোতে সর্বনিম্ন টিকিটের দাম ১০ হাজার ডলার থেকে শুরু হচ্ছে। সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় এই দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ টিকিটের সুযোগ এরই মধ্যে শেষ হয়ে গেছে। এখন কেবল হসপিটালিটি বা ভিআইপি ক্যাটাগরির টিকিট অবশিষ্ট রয়েছে, যার মূল্য প্রায় ৬০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকায় গিয়ে ঠেকেছে।
টিকিট সংকটের এই চিত্র কেবল স্টেডিয়াম প্রাঙ্গণেই সীমাবদ্ধ নেই, বরং নিউইয়র্কের টাইমস স্কয়ারেও একই দৃশ্য দেখা গেছে। সেখানে অনেক সমর্থককে হাতে ‘টিকিট চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ম্যাচটি মাঠে বসে দেখার জন্য তারা যেকোনো অঙ্কের অর্থ খরচ করতেও প্রস্তুত। আবার অনেকে শেষ মুহূর্তে কম দামে টিকিট পাওয়ার আশায় অপেক্ষায় আছেন। টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও স্পেন উভয় দলের সমর্থকরাই জড়ো হয়েছিলেন, তবে সংখ্যায় আলবিসেলেস্তে সমর্থকদের আধিপত্য ছিল স্পষ্ট।
লিওনেল মেসিদের সমর্থনে নিউইয়র্কের এই বিখ্যাত চত্বর যেন মুহূর্তের মধ্যে বুয়েনস আয়ার্সে রূপ নিয়েছিল। মজা করে বিজ্ঞাপনের বিলবোর্ডে একে ‘আর্জেন্টাইনস স্কয়ার’ নামেও দেখানো হয়। আর্জেন্টাইনদের এই দাপুটে উপস্থিতির মধ্যেও স্পেনের সমর্থকরা নিজেদের মতো করে উচ্ছ্বাসে মেতেছিলেন। এমনকি বৃষ্টিও দুই দলের সমর্থকদের এই উদযাপনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

