রাজধানীর বাইরের গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কবলে পড়ার পর এবার ঢাকার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা বেড়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর একাধিক এলাকায় বারবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করেছেন নগরবাসী। কোথাও ২০ মিনিট, আবার কোথাও এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা লোডশেডিং নিয়ে তাদের ক্ষোভ ও দুর্ভোগের কথা তুলে ধরেছেন। তীব্র গরমে মধ্যরাতে বিদ্যুৎ না থাকায় তারা ঘুমের ব্যাঘাত ও অস্বস্তির কথা জানিয়েছেন। দীর্ঘদিন পর রাজধানীতে এমন লোডশেডিংয়ের অভিজ্ঞতায় অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন।
শেরেবাংলা নগর এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, রাতে প্রায় ২০ মিনিট বিদ্যুৎ ছিল না। এ বিষয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তাদের জানানো হয়, বিদ্যুৎ আসতে আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে। একই সময়ে রাজধানীর আরও কয়েকটি এলাকা থেকেও বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে।
রামপুরার বাসিন্দা রাসেল জানান, রাতে বিদ্যুৎ থাকলেও দিনের বেলায়ও ভোগান্তিতে পড়তে হয়েছে। তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। বাচ্চাদের নিয়ে তীব্র গরমে খুব কষ্টে সময় পার করতে হয়েছে তাদের।

