চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাঙ্ক থেকে এই গ্যাস ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন বিষক্রিয়ায় আক্রান্ত ও আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ওই ইয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইয়ার্ডের প্রজেক্ট কর্মকর্তা মো. শাহিন আটজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ইয়ার্ডটি বন্ধ ছিল। তবে সকালের দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্ক থেকে হঠাৎ গ্যাস লিকেজ শুরু হয়। এতে দ্রুত বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে সেখানে বিষক্রিয়ার সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা জাহাজের ভেতর তল্লাশি চালিয়ে প্রথমে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। এরপর আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় এবং পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছায়। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

