টানা অষ্টম দিনের মতো ইরানের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী এখন অঞ্চলটির গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এই ধারাবাহিক হামলায় ইরানের বেশ কয়েকটি সেতু, রেলপথ, টানেল, বিমানবন্দর ও সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই সামরিক অভিযানের ফলে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে ওই এলাকার বেশ কিছু হাসপাতাল খালি করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে পণ্য পরিবহন, মানুষের চলাচল ও প্রয়োজনীয় সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে আল জাজিরা জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সক্ষমতা দুর্বল করাই মার্কিন হামলার মূল লক্ষ্য। তবে যেহেতু এসব অবকাঠামো সাধারণ মানুষও ব্যবহার করে, তাই কার্যত দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার কৌশল নিয়েছে ওয়াশিংটন। সিএনএন-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনী ইরানের দক্ষিণাঞ্চল কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং সেখানে স্থল অভিযান চালানোরও সম্ভাবনা রয়েছে।
এদিকে আইআরজিসি জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তারা কোনোভাবেই ছাড়বে না। তাদের অভিযোগ, এই জলপথ সংলগ্ন প্রদেশগুলোতে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত হরমুজ প্রণালির ওপর আইআরজিসির নিয়ন্ত্রণ কেড়ে নিতে চাইছে।

