যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্থগিতের ঘোষণা ইরানের

মার্কিন বাহিনীর ক্রমাগত হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা মওইউ-এর আওতায় দেওয়া নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে ইরান। ইরানের কারিগরি আলোচক দলের প্রধান ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এই তথ্য নিশ্চিত করেছেন। ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

কাজেম গরিবাবাদি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকের কাঠামোগত প্রতিশ্রুতির সবগুলোই লঙ্ঘন করেছে। তিনি বলেন, একদিকে যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে ইরান নিজেদের দেশ রক্ষায় ব্যস্ত রয়েছে। এই পরিস্থিতিতে তেহরান তাদের দেওয়া সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ইরানি কর্মকর্তারা এর আগেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন এবং আগ্রাসন বন্ধ না হলে কঠোর শর্ত আরোপের হুমকি দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা করা হলো। গরিবাবাদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরান এখন আর এই চুক্তির কোনো ধারা বাস্তবায়ন করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের ওপর যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়, যা দ্রুত পুরো পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ে। ইরান মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এরপর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ১৭ জুন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল ৬০ দিনের মধ্যে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন করে সংঘাত শুরুর ফলে সেই যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি এখন ভেস্তে গেছে।