শিক্ষা বিস্তারের পাশাপাশি পরিবেশ রক্ষা ও মানবিক সহায়তার বার্তা নিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার মেরুং ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা এলাকায় অবস্থিত দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এই বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ও দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। তিনি ওই প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থীর হাতে ৪০০টি ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট ও মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। একটি গাছ শুধু বর্তমান পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আশীর্বাদস্বরূপ। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি আশ্বস্ত করেন যে, ভবিষ্যতেও শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীঘিনালা জোন দীর্ঘ সময় ধরে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

