নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়ার জের ধরে এক রাজমিস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আলিনুর ফকির (৩০) উপজেলার কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। শনিবার রাত ১০টার দিকে কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রী আলিনুর ফকির শনিবার রাতে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে তার পাওনা ১২ হাজার টাকা চাইতে যান। এ সময় টাকা পরিশোধের বিষয় নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব শেখ তার পকেট থেকে ছুরি বের করে আলিনুরের পেটে আঘাত করেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২: ০০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২: ০৬

