নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে অবস্থিত তালতলা-আমবাগ সড়কটি বর্তমানে খানাখন্দে ভরা থাকায় সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এর পুরো অংশজুড়ে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের অভাবে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষকে চলাচল করতে হয়। এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন কর্মজীবী মানুষ, পোশাক কারখানার শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কৃষক। এছাড়া পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার মানুষের যাতায়াতের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে থাকায় যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, প্রায় ছয় মাস আগে সড়কটির সংস্কারকাজ শুরু হলেও তা মাঝপথে আটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, 'সড়কের বিভিন্ন স্থানে ইটের খোয়া ফেলে কাজ বন্ধ করে রাখা হয়েছে। এতে দুর্ভোগ কমার পরিবর্তে আরও বেড়েছে। অনেক জায়গায় ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।'
কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল কবির জানান, সংস্কারকাজ অর্ধেক করে ফেলে রাখায় স্কুলগামী ছোট ছোট শিশু ও সাধারণ পথচারীদের চলাচলে অনেক কষ্ট হচ্ছে। তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সোহেল হোসেন জানান, তিনি এই উপজেলায় নতুন যোগদান করেছেন, তাই বিস্তারিত তথ্য তার জানা নেই। তবে তিনি জানিয়েছেন, ১০টি রাস্তার কাজের জন্য আবেদন করা হয়েছে এবং অতি শিগগিরই আটটি রাস্তার কাজ শুরু হবে। পর্যায়ক্রমে বাকি রাস্তার কাজও সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

