প্রযোজক ডিপজলের প্রযোজনায় এবং কাজী হায়াতের পরিচালনায় ১৯৯৯ সালের ২৫ জুন মুক্তি পাওয়া ‘আম্মাজান’ চলচ্চিত্রটি বাংলা সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে। সিনেমাটির পরিচালক কাজী হায়াৎ সম্প্রতি তার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছেন, ছবিটি মুক্তির আগের দিনই ১ কোটি ৪ লাখ টাকা আয় করেছিল। তিনি জানান, সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল ১ কোটি ২ লাখ টাকা। মুক্তির আগের দিন বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে সব প্রিন্ট হলে পৌঁছে দেওয়ার পর হিসাব করে দেখা যায়, সিনেমাটি থেকে ২ লাখ টাকা লাভ হয়েছে। সে সময় বস্তায় করে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি রেকর্ড হিসেবে গণ্য হয়।
ভিডিওতে কাজী হায়াৎ সিনেমাটি নিয়ে আরও কিছু অজানা তথ্য তুলে ধরেন। তিনি জানান, কিংবদন্তি অভিনেত্রী সাবানার এই সিনেমায় ‘আম্মাজান’ চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি মান্নার মায়ের চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নিলে শবনম সেই চরিত্রে অভিনয় করেন। এছাড়া শুরুতে ডিপজল মান্নাকে নায়ক হিসেবে নিতে রাজি ছিলেন না, কারণ তখন তাদের মধ্যে বিরোধ ছিল। তবে কাজী হায়াতের অনুরোধে এবং মান্নার আগ্রহের কারণে শেষ পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেন।
শুটিংয়ের সময়ও মান্না ও ডিপজলের মধ্যে দ্বন্দ্বের ঘটনা ঘটেছিল। একটি বিশেষ ভবনে শুটিংয়ের সময় ডিপজল বাড়তি দুই ঘণ্টা সময় চেয়েছিলেন, কিন্তু মান্না তা না দেওয়ায় ডিপজল রাগান্বিত হয়ে শুটিং বন্ধ করে দেন। সেই ভবনটি শুটিং শেষ হলেই ভেঙে ফেলার কথা ছিল। ডিপজলের পুরোনো একটি সাক্ষাৎকারের তথ্য অনুযায়ী, সেদিন মান্না বাড়তি সময় না দিয়ে বের হয়ে যাওয়ায় শুটিং বন্ধ হয়ে যায়। পরে দুই মাস পর মান্না দুঃখ প্রকাশ করলে আবার কাজ শুরু হয়।

