বাংলাদেশ-সৌদি সরাসরি ফ্লাইট সংখ্যা বেড়ে ৮৪

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরাসরি বিমান চলাচলের সংখ্যা প্রায় ৭১ শতাংশ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। নতুন এই বিমান চলাচল ব্যবস্থার আওতায় বর্তমানে সপ্তাহে পরিচালিত ৪৯টি ফ্লাইটের পরিবর্তে এখন থেকে ৮৪টি ফ্লাইট চলাচল করবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (জিএসিএ) মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সৌদি সফর শেষে দেশে ফেরার পর রাজধানীর বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি জানান, আগামী ৫ মার্চ থেকে এই নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।

ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ফলে দুই দেশের মধ্যে বিমান ভ্রমণের দীর্ঘদিনের চাপ কমবে বলে আশা প্রকাশ করেন বেবিচক চেয়ারম্যান। বিশেষ করে হজ মৌসুমে যাত্রী পরিবহন ব্যবস্থা অনেক বেশি সহজ ও নির্বিঘ্ন হবে। এ বছর প্রায় ৭৮ হাজার বাংলাদেশি হজ পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, নতুন এই ব্যবস্থার ফলে বর্তমানে তৃতীয় কোনো দেশের মাধ্যমে সৌদি আরব যাতায়াতকারী বিপুলসংখ্যক বাংলাদেশি যাত্রী সরাসরি ফ্লাইটের সুবিধা পাবেন। বর্তমানে প্রায় ১১ লাখ বাংলাদেশি যাত্রী পরোক্ষ রুটে সৌদি আরব যাতায়াত করেন, সরাসরি ফ্লাইট বাড়লে তাদের ভ্রমণের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ কার্গো পরিবহনের ক্ষেত্রে 'ফিফথ ফ্রিডম' ট্রাফিক অধিকার অর্জন করেছে। এর ফলে বাংলাদেশি এয়ারলাইনসগুলো সৌদি আরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপের গুরুত্বপূর্ণ গন্তব্যে পণ্য পরিবহনের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে স্পেনের জারাগোজা ও জার্মানির ফ্রাঙ্কফুর্ট। একইভাবে সৌদি আরবও চীনের দুটি গন্তব্যে পণ্য পরিবহনের অধিকার পেয়েছে।

মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক আরও জানান, এই ব্যবস্থা বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে সহায়ক হবে। ইউরোপের বাজারের সঙ্গে আকাশপথে পণ্য পরিবহন আরও দক্ষ ও সহজ হওয়ার পাশাপাশি এটি বাংলাদেশের লজিস্টিকস নেটওয়ার্ক শক্তিশালী করতে এবং রপ্তানি অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।