ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি: শক্তিশালী ব্যাটারি ও সনি ক্যামেরার নতুন স্মার্টফোন

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হট ৭০ প্রো ৫জি’ নিয়ে এসেছে ইনফিনিক্স। পারফরম্যান্স, ক্যামেরা, ডিজাইন এবং ব্যাটারির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি এই ডিভাইসটিতে ৫জি চিপসেট, উন্নত সনি ক্যামেরা সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।

ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। দীর্ঘ সময় দ্রুত ও স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে ইনফিনিক্সের বিশেষ ‘৭২-মান্থ ফ্লুয়েন্সি’ প্রযুক্তি। ডিভাইসটিতে ৬ দশমিক ৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ছবি তোলার ক্ষেত্রে এআই র এবং লাইভ ফটোসহ বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে ‘ডায়নামিক শাইন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ছয়টি রঙের ভ্যারিয়েন্টে আলো, তাপমাত্রা এবং দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে ফোনের পেছনের নকশায় ভিন্নতা দেখা যায়। থার্মো অরেঞ্জ সংস্করণ তাপমাত্রার সঙ্গে রং পরিবর্তন করে, মিরেজ গ্রিন মডেলে ইউভি আলোতে ভিন্ন টেক্সচার ফুটে ওঠে। এছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব মডেলে ইন্টার‌্যাকটিভ ব্যাক প্যানেল রয়েছে।

টেকসই ব্যবহারের নিশ্চয়তায় ফোনটিতে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধ সুবিধা এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, দেড় মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকবে।

ফোনটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। দীর্ঘক্ষণ গেমিং বা ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য এতে বাইপাস চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের মধ্যে ফ্ল্যাশমেমো, মাইন্ডহাব, এআই সার্চ, এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটর রয়েছে। এসব ফিচারে দ্রুত প্রবেশের জন্য একটি ওয়ান-ট্যাপ বাটনও দেওয়া হয়েছে।

ডিভাইসটিতে ৮ জিবি র‍্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা রয়েছে। বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি-এর অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।