বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আস্থা অর্জনে নাফিজ সরাফাতের সাফল্য

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ঋণদাতাদের বিশ্বাস অর্জন করা। এই ক্ষেত্রে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন দেশের বিশিষ্ট উদ্যোক্তা চৌধুরী নাফিজ সরাফাত। ব্যাংকিং খাত দিয়ে কর্মজীবন শুরু করা এই উদ্যোক্তা বড় প্রকল্পের আর্থিক ঝুঁকি, ঋণ কাঠামো এবং বিনিয়োগকারীদের মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেছিলেন। পরবর্তীতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশি ও বিদেশি বড় বড় প্রতিষ্ঠানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্ত করতে সক্ষম হন।

এর একটি বড় উদাহরণ হলো ইউনিক মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই) প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের প্রকৌশল, ক্রয় ও নির্মাণচুক্তির (ইপিসি) মাধ্যমে যুক্ত হয় এবং প্রকল্পের শেয়ারহোল্ডার হিসেবেও অংশ নেয়। এছাড়া কাতার সরকারের মালিকানাধীন নেব্রাস পাওয়ার এই বিদ্যুৎকেন্দ্রের ২৪ শতাংশ শেয়ার গ্রহণ করে।

এই মেগা প্রকল্পের জন্য প্রায় ১৫ বছর মেয়াদি ৪৬৩ মিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ সংগ্রহ করা হয়। এই অর্থায়নে যুক্ত ছিল যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জার্মানির ডিইজি, সুইজারল্যান্ডের সার্ভ এবং ওপেকের তহবিল (ওপেক ফান্ড)। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অত্যন্ত কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া পার হয়ে এই অর্থায়ন লাভ করা প্রকল্পটির আর্থিক কাঠামোর গ্রহণযোগ্যতার একটি বড় প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

অর্থনীতি ও বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কেবল সম্ভাবনা দেখেই অর্থ লগ্নি করেন না। তারা মূলত উদ্যোক্তার সক্ষমতা, প্রকল্পের আর্থিক কাঠামো, অংশীদারদের গ্রহণযোগ্যতা এবং ঝুঁকি মোকাবিলার ক্ষমতা বিবেচনা করেন। করোনা মহামারির তীব্র সংকটের সময়েও বিশ্বজুড়ে সরবরাহব্যবস্থা ও নির্মাণকাজে বড় বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত ইউনিক মেঘনাঘাট প্রকল্পটি সফলভাবে উৎপাদনে আসে। বর্তমানে এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা প্রায় ৭ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম।

নাফিজ সরাফাতের আরেকটি বড় কৃতিত্ব হলো তার প্রতিষ্ঠানগুলোতে পেশাদার ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা। তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞ ব্যাংকার, হিসাববিদ, নিরীক্ষক, অর্থনীতিবিদ, আইনজীবী এবং আন্তর্জাতিক পরামর্শকদের সম্পৃক্ত করা হয়েছে, যার মধ্যে গ্র্যান্ট থর্নটনের মতো আন্তর্জাতিক নিরীক্ষা সংস্থাও রয়েছে। শুধু বিদ্যুৎ খাতেই নয়, দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও তিনি ভূমিকা রাখছেন। ২০২৪ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডকে প্রস্তাবিত ‘বাঘা-১’ আন্তর্জাতিক সাবমেরিন কেবলের সম্ভাব্যতা সমীক্ষার জন্য অনুদান প্রদান করে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল যোগাযোগকে আরও নির্ভরযোগ্য করে তোলা।

বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মূল ভিত্তি হলো দীর্ঘমেয়াদি আস্থা। বিনিয়োগকারীরা দেখতে চান স্থানীয় উদ্যোক্তা সংকট মোকাবিলা করে প্রকল্প সফলভাবে চালাতে পারেন কি না। ব্যাংকিং ও উদ্যোক্তা জীবনের চমৎকার সমন্বয়ের মাধ্যমে নাফিজ সরাফাত সেই আস্থা অর্জনে সফল হয়েছেন, যা দেশের ব্যবসায়িক মহলে বিশেষভাবে প্রশংসিত ও আলোচিত হচ্ছে।