সিলেট নগরীর রায়নগর এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ওই বাড়ির মালিক হাজি আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় একজন মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে রয়েছে সাত্তার মিয়া, তাঁর স্ত্রী এবং তাঁদের গৃহপরিচারিকা।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
অন্যদিকে, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা এই খবরটি জানতে পেরেছেন। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

