তারেক রহমানকে ভারত থেকে দুটি পৃথক সফরের আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক সফরের আমন্ত্রণ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১১ আগস্ট) এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য আলাদা দুটি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এর আগে সোমবার ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সরকারপ্রধানকে দ্বিপাক্ষিক সফরের জন্য আলাদা একটি চিঠি দিয়েছেন।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারপারসন হিসেবে ওই পর্বে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আমন্ত্রণ জানিয়েছেন। তবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরেই তাঁকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়টি জানানো হয়।