সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন আদালত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং দেশটির দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তার সাবেক প্রধান আতেব নাজিবের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দামেস্কের একটি আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার দামেস্কের ফৌজদারি আদালত আসাদকে সিরিয়ায় ১৪ বছরের যুদ্ধ চলাকালীন নির্যাতন ও নির্বিচারে গ্রেপ্তারের মতো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

বিচারক ফখর আল-দিন আল-আরিয়ান আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে উল্লেখ করেন যে, এসব অপরাধমূলক কর্মকাণ্ডে সাবেক সিরীয় নেতা ছিলেন "সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী"। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এসব অপরাধ সংঘটনে সহায়তা করেছিলেন। একই আদালতে আসাদ আমলের নিরাপত্তা কর্মকর্তা আতেব নাজিবকেও দণ্ডিত করা হয়েছে। আদালত তাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক ব্যক্তি ও শিশুদের পূর্বপরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে হত্যা, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারক এই রায় প্রদান করেছেন। ১৯৬৫ সালে জন্মগ্রহণ করা আসাদ তার পিতার মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি পরিবারের শাসন বজায় রাখেন এবং ইরানের সমর্থনে দেশটি পরিচালনা করেন। তবে ইরাক যুদ্ধ ও লেবানন সংকটের সময় তার শাসনামলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নামলে আসাদ সরকার তা দমনে ব্যাপক অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে বিদ্রোহীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের প্রায় ৫৩ বছরের শাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্ক ছেড়ে মস্কো পালিয়ে যান আসাদ এবং গত দুই বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।