ইরানের হামলায় কুয়েতের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনার বরাতে কেপিসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে কেপিসি জানিয়েছে, তেল খাতের ওই গুরুত্বপূর্ণ স্থাপনাটি বারবার ইরানের নৃশংস হামলার শিকার হয়েছে। এই ধারাবাহিক হামলার ফলে স্থাপনাটিতে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে স্থাপনাটি তাৎক্ষণিকভাবে খালি করে ফেলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাজ করা হচ্ছে।
অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশসীমায় চারটি ড্রোন প্রবেশ করেছিল। জর্ডানের বাহিনী ড্রোনগুলো শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করেছে। জর্ডানের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ড্রোনগুলো ভূপাতিত করার এই ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি।

