বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান পরাগ জৈন। একটি নির্ভরযোগ্য সূত্রের তথ্যানুযায়ী, গত রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পরাগ জৈনের সঙ্গে ঢাকা সফরকারী প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। বর্তমানে প্রতিনিধি দলটি রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছেন। তবে বাংলাদেশ কিংবা ভারত—কোনো পক্ষ থেকেই এই সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
শেখ হাসিনা ইস্যুসহ নানা কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বর্তমানে যে টানাপোড়েন চলছে, তার প্রেক্ষাপটে ‘র’ প্রধানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে তার সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা বাংলাদেশি কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠকের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, ঢাকা সফরের আগে পরাগ জৈন চীন সফর করেছিলেন।

