১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ফাইনালের মঞ্চে ওঠার আগে ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে প্রকাশ্যে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।
আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে নিউজার্সিতে পৌঁছানোর পরপরই আর্জেন্টিনাকে বাধ্যতামূলক অনুশীলন ও মিডিয়া কার্যক্রমে অংশ নিতে হয়। ফাইনালের আগে শুক্রবার এক অনুষ্ঠানে স্কালোনি জানান, দলের বিশ্রামের প্রয়োজন থাকলেও ফিফার নির্ধারিত সূচির কারণে তাদের অনাকাঙ্ক্ষিত সময়ে অনুশীলন করতে হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া বক্তব্যে স্কালোনি বলেন, ‘আমরা কেবল এখন একটু বিশ্রাম পাচ্ছি, কারণ গতকাল রাত ১১টার দিকে এখানে পৌঁছেছি। অথচ আজ এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা আমরা চাইনি। সংবাদ সম্মেলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে তাড়াহুড়ো করে একটি সেশন শেষ করতে হয়েছে, যেখানে কৌশলগত প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ ছিল না।’
স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের তীব্র গরমের মধ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলনে নামতে হয়। এর আগেও নকআউট পর্বে ব্যস্ত সূচি ও পর্যাপ্ত বিশ্রামের অভাব নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছিলেন স্কালোনি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে তিনি বলেছিলেন, টুর্নামেন্ট যত শেষের দিকে যায়, খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন তত বাড়ে, কিন্তু এখানে ঘটছে ঠিক উল্টোটা।
সেই সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আর্জেন্টিনা কোচ আরও যোগ করেন, মায়ামির প্রচণ্ড গরমে খেলার পর দিনই দুপুরে ম্যাচ খেলতে হয়েছে, যা মোটেও আদর্শ নয়। তার মতে, মিসর তাদের চেয়ে কিছুটা বেশি পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে। ব্যবধান খুব বেশি না হলেও বিশ্বকাপের শেষ দিকে বিশ্রামই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও একই সুরে কথা বলেছেন স্কালোনি। গত ১৫ দিনে পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে দলের শারীরিক ধকল কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ। লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজদের শারীরিক অবস্থা প্রসঙ্গে স্কালোনি জানান, তারা এখন পুরোপুরি বিশ্রাম ও পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছেন। দলের কয়েকজন এখনো শতভাগ ফিট নন, তাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখে তারা নিজেদের স্বাভাবিক খেলার ধরন বজায় রাখার চেষ্টা করবেন।
আগামী রোববার নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে জিততে পারলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে মেসি-স্কালোনির দল।

