প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এখন সময় দেশ গড়ার এবং জাতির ভাগ্য গঠনের। তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে এবং সামনের দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে কারখানা স্থাপনের জন্য দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা পূর্বশর্ত। বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া যাবে না। গত কিছুদিন ধরে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্তকারীরা তাদের মতো চলে যাবে, কিন্তু দিনশেষে ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ জনগণ।
প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের রুখে দিতে হবে। তিনি 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগান উচ্চারণ করে বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। জনগণের সমর্থন যেহেতু বিএনপির ৩১ দফার পক্ষে আছে, তাই সেই দফা বাস্তবায়ন করাই এখন মূল পবিত্র দায়িত্ব। বিএনপি সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ৩০টি পরিবারকে ১ লাখ টাকা করে এবং ১৫ জন প্রতিবন্ধীর মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

