শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের

দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা যে গাছগুলো লাগাবে, সেগুলোর যথাযথ হিসাব রাখা হবে। প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছের চারা সরবরাহ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

রোববার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন তাদের বাসার সামনে, শিক্ষাঙ্গনে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ রোপণ করে। প্রতিটি স্কুল ও কলেজে এসব গাছের একটি তালিকা সংরক্ষণ করা হবে বলেও তিনি জানান।

বৃক্ষরোপণের জন্য বর্তমান সময়কে সবচেয়ে উপযুক্ত উল্লেখ করে আমিনুল হক বলেন, বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ার কারণে এই সময়ে লাগানো গাছ দ্রুত বেড়ে ওঠে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এখনই বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি গ্রহণের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসগুলোকে সবুজ করে তোলা।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশ ও শহরকে সবুজ করে গড়ে তুলতে সবাইকে এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, একটি গাছ পরিবেশের উপকারের পাশাপাশি ভবিষ্যতে মানুষকে ছায়া, ফল ও ভেষজ গুণাবলি দিয়ে সহায়তা করতে পারে।

শিক্ষকদের উদ্দেশে আমিনুল হক বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে, তবে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব হবে। আরাফাতের ময়দানের নিমগাছের উদাহরণ টেনে তিনি বলেন, মানুষের কল্যাণে আসে এমন একটি গাছ লাগানোও অনেক বড় একটি ভালো কাজ। ভবিষ্যতে শত শত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২: ৪০আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২: ৫০