আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল ১১ দলীয় ঐক্যের একটি শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। মূলত সেই বৈঠকেই বিরোধীদলের প্রার্থী কে হবেন, তা চূড়ান্ত করা হবে।
শনিবারের এই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

