বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী লড়াইকে অনেকে ‘সবচেয়ে অপ্রয়োজনীয়’ ম্যাচ বলে অভিহিত করেন। ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়া খেলোয়াড়দের মাঠে নামানো কিছুটা চাপের মনে হতে পারে। তবে এই ম্যাচের গুরুত্ব কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়; ফুটবলের বাণিজ্যিকীকরণে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত মাইলফলক অর্জনে এটি বিশেষ ভূমিকা রাখে। ১৯৫৮ সালে ফ্রান্সের জ্যঁ ফন্তেইনের ১৩ গোলের রেকর্ডটিও মূলত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কারণেই সম্ভব হয়েছিল।
আজ মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। এই ম্যাচে ব্যক্তিগত রেকর্ডের হাতছানি রয়েছে কিলিয়ান এমবাপ্পের সামনে। লিওনেল মেসির সঙ্গে সমান ৮ গোল নিয়ে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের লড়াইয়ে থাকা এমবাপ্পে আজ পরিসংখ্যানগতভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তার ১৪ বছরের কোচিং ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ম্যাচটিকে কোনোভাবেই প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না। তিনি জানিয়েছেন, ফ্রান্সের জার্সির মর্যাদা ও সমর্থকদের জন্য তার দল জয় চায়। দেশম এই ম্যাচে রিজার্ভ খেলোয়াড়দের সুযোগ দিলেও এমবাপ্পের ব্যক্তিগত মাইলফলকের কথা মাথায় রেখে তাকে মাঠে রাখবেন। ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করা দেশম তার অধীনে ১৮৪ ম্যাচে ১২০টি জয় পেয়েছেন। এছাড়া তার অধীনে ফ্রান্স ২০১৬ ইউরো ও ২০২৫ নেশন্স লীগে রানার্সআপ হয় এবং উয়েফা নেশন্স লীগ জয় করে।
অন্যদিকে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল কিছুটা ভিন্নমত পোষণ করেছেন। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর খেলোয়াড়দের মানসিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো খেলোয়াড়ই এই ম্যাচটি খেলতে আগ্রহী নয়। তবে পেশাদারিত্ব বজায় রেখে ইংল্যান্ডও রিজার্ভ বেঞ্চের অনেক খেলোয়াড়কে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে, কারণ জিততে পারলে ১৯৬৬ সালের পর এটিই হবে থ্রি লায়ন্সদের সর্বোচ্চ সাফল্য।
বিশ্বকাপের ইতিহাসে ১৯৩০ সালের প্রথম আসরে কোনো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ছিল না। ১৯৫০ বিশ্বকাপেও নকআউটের বদলে চার দলের ফাইনাল গ্রুপ পদ্ধতি থাকায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ১৯৫৪ সাল থেকে প্রতিটি আসরেই এই ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। ফিফার তথ্যমতে, জার্মানি সর্বোচ্চ ৬ বার এই ম্যাচ খেলে ৪ বার জয়লাভ করেছে। তালিকায় এর পরের অবস্থানে রয়েছে ফ্রান্স (৪), উরুগুয়ে (৩), পোল্যান্ড (৩) ও সুইডেন (৩)।
বর্তমান সময়ে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের বিজ্ঞাপন মূল্য আকাশচুম্বী হওয়ায় আয়োজক দেশ ও ফিফার কাছে এর গুরুত্ব অপরিসীম। এছাড়া সংশ্লিষ্ট দেশের ফেডারেশনগুলোও আর্থিকভাবে লাভবান হয়। ২০২২ সালের ফিফা প্রাইজমানি অনুযায়ী, চ্যাম্পিয়ন দল ৫০ মিলিয়ন ডলার, রানার্সআপ দল ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অর্জনকারী দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ হওয়া দল ২৭ মিলিয়ন ডলার পাবে।
তালিকায় দুই নম্বরে থাকা ফ্রান্স এর আগে ১৯৫৮, ১৯৮২ ও ১৯৮৬ সালে সেমিফাইনালে উঠে হেরে যায়। এর মধ্যে ১৯৫৮ সালের হারটি ছিল বেশ হৃদয়বিদারক। সেবার জ্যাঁ ফন্তেইন, রেমো কোপা, রজে পিয়াঁতোনি, জঁ ভাসাঁদের নিয়ে ফ্রান্সের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। আসরে সর্বোচ্চ ২৩ গোল করেছিল দলটি। ফন্তেইন করেন ১৩ গোল। যা এখনো এক আসরে সর্বাধিক ব্যক্তিগত গোলের রেকর্ড। মজার ব্যাপার হলো, জার্মানির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একাই ৪ গোল করেছিলেন ফন্তেইন।

