গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি কিনছে সরকার

দেশে চলমান তীব্র গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদনের পরদিনই নতুন এই ক্রয়ের সিদ্ধান্ত এল।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি পর্যায়ে (জিটুজি) সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কেনা হবে।

এর আগে বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে মোট আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের চারটি পৃথক প্রস্তাবের মাধ্যমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুটি করে মোট আট কার্গো এলএনজি কেনা হচ্ছে। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুযায়ী, দরপত্র ছাড়া সরাসরি ক্রয়ের ক্ষেত্রে সিসিইএ-র নীতিগত অনুমোদন প্রয়োজন হয়।

সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। গত ২১ জুলাই টার্মিনালটিতে আগুন লাগার পর কার্যক্রম বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। সেই সংকট সামাল দিতেই সরকার এলএনজি আমদানির এই উদ্যোগ নিয়েছে।