ফিফা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উম্মাদনার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে গ্যালারিতে থাকছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি টুর্নামেন্টে এর আগে কোনো ম্যাচে মাঠে না গেলেও ফাইনালের মঞ্চে ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন। তার সফরসূচি নিয়ে প্রথমে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তা সমন্বয় করে ফাইনাল দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া স্পেনের রাজপরিবারের সদস্যরাও স্টেডিয়ামের ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ হাতছাড়া করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। মূলত নিজের ‘সৌভাগ্যের রীতি’ বজায় রাখতেই তিনি স্টেডিয়ামে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টুর্নামেন্টে আর্জেন্টিনা দল যেভাবে একের পর এক ম্যাচ জিতে ফাইনালে উঠেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে আগের ম্যাচগুলোর মতোই নিজের সরকারি বাসভবন থেকে খেলা দেখবেন তিনি।
ফুটবলের এই মহাযুদ্ধ শুধু দুই পরাশক্তির শিরোপার লড়াই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্বদের উপস্থিতির কারণেও এটি এক ভিন্ন মাত্রা পাচ্ছে। এই ম্যাচে আর্জেন্টিনা চাইবে টানা দ্বিতীয়বার শিরোপা নিজেদের করে নিতে, অন্যদিকে স্পেনের লক্ষ্য থাকবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি ঘরে তোলা।

