রাজধানীর পুরান ঢাকায় ম্যানহোলে নেমে নর্দমা পরিষ্কার করার সময় নিখোঁজ হওয়া পরিচ্ছন্নতাকর্মী মিলন শেখের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মিলন শেখ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় বসবাস করতেন।
কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। দুপুর ১টার দিকে মিলন ম্যানহোলে নামেন। এর প্রায় এক ঘণ্টা পর হঠাৎ তাঁর কোমরে থাকা রশি ছিঁড়ে যায় এবং তিনি নিচে পড়ে গিয়ে নিখোঁজ হন। তাঁর সঙ্গে থাকা অন্য কর্মীরা তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২৫ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হবে।

