হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামাইছড়া এলাকায় মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম মিয়া (২৫) ডুবাঐ এলাকার মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় তার বন্ধু রায়হান মিয়া (২৫), যিনি একই এলাকার সাহিদ মিয়ার ছেলে, গুরুতর আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে কামাইছড়া এলাকায় একটি গাড়িকে অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সিলেটে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, দুর্ঘটনার খবরটি তারা পেয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

