শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি ভারত বর্তমানে খতিয়ে দেখছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের একটি অনুরোধ পাওয়া গেছে এবং সেটি এখন পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, এ ধরনের যেকোনো অনুরোধ সংশ্লিষ্ট আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই ভারত সরকার বিবেচনা করে থাকে। অতীতেও এই একই নিয়ম অনুসরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে আরও একটি প্রশ্ন করা হয়, যেখানে জানতে চাওয়া হয় যে সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিকের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা কোনো ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধ এসেছে কি না। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি। জয়সওয়াল জানান, বিষয়টি তাকে যাচাই করে দেখতে হবে। প্রশ্নকারী সাংবাদিক ওই মামলার অভিযুক্ত ব্যক্তি বা নিহত রাজনীতিকের পরিচয় প্রকাশ করেননি। তবে মুখপাত্র পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধই আইনি ও বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।