বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী তিন বছরের জন্য অর্থাৎ ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। এর আগে তিনি রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ৮৭-এ ব্যাচে মেধা ও জ্যেষ্ঠতায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী মিসবাহ উল আজীম এসএসসি ও এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়ে রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। উচ্চশিক্ষায় তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও স্ট্র্যাটেজিক স্টাডিজ, ডিফেন্স স্টাডিজ এবং অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এমফিলসহ তিনটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের একজন কৃতি গ্র্যাজুয়েট।

প্রায় চার দশকের দীর্ঘ কর্মজীবনে খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (কমঢাকা), কমান্ডার সাবমেরিন (কমসাব) এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নৌবাহিনী সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস) ও পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবেও দায়িত্ব সামলেছেন। পাশাপাশি বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং নৌঘাঁটি বানৌজা তিতুমীরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিএসসিএসসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।