চলে গেলেন ‘গজনি’ খ্যাত ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই বর্ষীয়ান অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন প্রদীপ রাওয়াত। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ২০০৫ সালে মুক্তি পাওয়া তামিল ব্লকবাস্টার ‘গজনি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এই চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ের কারণে ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’র হিন্দি রিমেকেও তাকে একই চরিত্রে সুযোগ দেওয়া হয়, যা তাকে হিন্দি বলয়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।

বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। বি. আর. চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। এছাড়া আমির খানের অস্কার মনোনীত চলচ্চিত্র ‘লগান’সহ বেশ কিছু আলোচিত সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

১৯৮৫ সালে ‘মেরি জং’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছিল এই অভিনেতার। এরপর তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’, ‘স্ট্যালিন’ ও ‘ভীরম’ এর মতো বেশ কিছু আলোচিত সিনেমাতে অভিনয় করেন। ২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম সেরা খল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদীপ রাওয়াতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।