সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত শত্রুপক্ষের বিশেষ অভিযান পরিচালনা কেন্দ্রে আকস্মিক হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গত শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির জনসংযোগ বিভাগ তাদের ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে। ইরানশাহর এলাকায় নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে এই অভিযানটি পরিচালনা করেছেন। সংগঠনটি দাবি করেছে, এই হামলায় তানফ অঞ্চলে থাকা শত্রুর একটি রাডার ব্যবস্থা এবং বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইরানশাহরে নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে বিপুলসংখ্যক মার্কিন সেনা এই হামলায় নিহত হয়েছে বলেও তারা দাবি করেছে।
আইআরজিসির পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালির ওপর তাদের সাহসী যোদ্ধাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রয়েছে। বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত মার্কিন নৃশংসতা অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল ও গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না।

