ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত কুমার বিশ্বজিৎ

বাংলা গানের অনন্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের ভুবনে বিচরণ করা এই শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অগণিত জনপ্রিয় গান। নতুন কোনো গান প্রকাশ না পেলেও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিত পুরোনো দিনের গান শেয়ার করেন এই শিল্পী। সম্প্রতি তিনি একটি পোস্টে তার গাওয়া জনপ্রিয় গানগুলো নিয়ে ভক্তদের কাছে জানতে চান, কোনটি তাদের সবচেয়ে প্রিয়। অল্প সময়ের মধ্যেই সেই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে যায়। ভক্তরা এক হাজারেরও বেশি মন্তব্যের মাধ্যমে শিল্পীর শতাধিক পছন্দের গানের কথা তুলে ধরেন। শ্রোতাদের কাছ থেকে এমন বিপুল সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়েছেন কুমার বিশ্বজিৎ।

ভক্তদের এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বিকেলে এক ফেসবুক পোস্টে কুমার বিশ্বজিৎ লেখেন, 'গত পোস্টে আমার গাওয়া আপনাদের ভালোলাগার গানগুলো নিয়ে জানতে চেয়েছিলাম। আপনাদের অনুভূতি, অভিব্যক্তি এবং ভালোলাগার গানগুলো জানানোর জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের উল্লেখ করা পছন্দের ১২৫টি গানের মধ্যে ১০০টির বেশি মৌলিক গান চলচ্চিত্র বহির্ভূত, যা আমার মতো একজন ক্ষুদ্র সংগীতের মানুষ এবং এর সাথে সংশ্লিষ্ট গীতিকার-সুরকার-সংগীত পরিচালকসহ সবার জন্য আশীর্বাদ, প্রাপ্তি এবং অনেক বড় পুরস্কার।'

শ্রোতাদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তিনি আরও যোগ করেন, 'হয়তো আজীবন এ গানগুলো থেকে যাবে আপনাদের অন্তরে, আপনাদের ভালোবাসায়, আর সেই ভালোবাসা নিয়ে আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে! এ ভালোবাসা নিয়ে চলে যাওয়াও পরম শান্তির। এটাই সত্যি! এটাই শাশ্বত! তাই এ শাশ্বত কথার একটি গান এবারে আপনাদের জন্য উপহার।'